রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আগামী শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাতীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি ও বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে দেশপ্রেমিক সব রাজনৈতিক দল এবং ইসলামিক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। সারা দেশ থেকে সড়ক, নৌ ও রেলপথে বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। এসময় নগরবাসীর কিছুটা দুর্ভোগ সৃষ্টি হলেও দেশ ও জাতির স্বার্থে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, জুলাইসহ সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, আগে স্থানীয় সরকার নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন দাবি উত্থাপিত হবে।
তিনি বলেন, সমাবেশ বাস্তবায়নে একটি কমিটি ও ৮ টি উপকমিটি কাজ করছে। বর্ষা মৌসুম হওয়ায় মাঠে বালি দিয়ে ভরাট, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বড় মঞ্চ তৈরি, তিনটি প্রবেশপথে তোরণ নির্মাণ, অতিথিদের জন্য নির্ধারিত আসন, মাঠের চারপাশে দেখার জন্য ৩৩টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা এবং ৩১০টি মাইকের হর্ন থাকবে।
গোলাম পরওয়ার জানান, সমাবেশ ঘিরে সারা দেশে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগানো হয়েছে। ভ্রাম্যমাণ মাইকে সকাল-বিকাল প্রচার চলছে।
তিনি বলেন, দুপুর দুইটায় সমাবেশের মূল পর্ব শুরু হলেও প্রধান আকর্ষণ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সকাল ১০টা থেকে সাইমুমসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানা পর্ব শুরু হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, সমাবেশ সফলে ঢাকার ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার দলীয় স্বেচ্ছাসেবক থাকবে। তাদের আলাদা ড্রেস থাকবে। পাশাপাশি ট্র্যাফিক পুলিশ ও সড়ক বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে। গাড়ি পাকিংয়ের জন্য ১৫টি পয়েন্টে ব্যবস্থা করা হয়েছে। ওয়াসার পানি সহ ৫০ হাজার বোতল পানির ব্যবস্থা করা হবে। ডাক্তার ও অ্যাম্বুলেন্সসহ ১৫টি মেডিকেল টিম থাকবে। সমাবেশটি বিভিন্ন মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। সমাবেশের সার্বিক নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এই সমাবেশে আমাদের মহিলা কর্মীরা আসতে আগ্রহী ছিলেন। কিন্তু তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অসম্ভব হওয়ায় তাদের সেই সুযোগ রাখা হয়নি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর গোপালগঞ্জে যেভাবে সশস্ত্র হামলা হয়েছে তা খুব ন্যক্কারজনক। আমাদের আমির ও দল তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ে সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আব্দুল হালিম, হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

