ঢাবিতে ঝটিকা মিছিল করে আটক ২ ছাত্রলীগ নেতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাবিতে ঝটিকা মিছিল করে আটক ২ ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় সংগঠনটির এক নেতা ও একটি মাইক্রোবাসের চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়। তারা সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল ও ব্যানার প্রদর্শন করে। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে।

এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে।

তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ফারহান তানভীর নাসিফের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...