নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিলে বরকত উল্লাহ বুলু

সংস্কারের নামে মানুষের অধিকার হরণ করা যাবে না

সংস্কারের নামে মানুষের অধিকার হরণ করা যাবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে মানুষের অধিকার হরণ করা যাবে না।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি রেঁস্তোরায় নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এই ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা অংশ নেন।

এ সময় এনজেএফ’র কার্যক্রমের প্রশংসা করে বরকত উল্লাহ বুলু বলেন, আমরা আশা করবো কাজের মাধ্যমে এই সংগঠন তাদের সুনাম ধরে রাখবে। সত্য কে সত্য এবং মিথ্যা কে মিথ্যা বলে সকল সমালোচনার ঊর্ধ্বে থাকবে তারা। এছাড়াও নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এনজেএফ’র সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম, ঢাকার বার্তার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের মেন্টর ইকবাল বাহার জাহিদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নোয়াখালীর উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। সংস্কারের নামে বিলম্ব করে মানুষের অধিকার হরণ করা যাবে না।’

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জবাবদিহিতাহীন সরকারের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল এই অবস্থার পরিবর্তন আনতে পারে।’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, ‘নোয়াখালীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নোয়াখালীকে দেশের অন্যতম সেরা জেলায় রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে অতিথিরা এনজেএফ’র কার্যক্রমের প্রশংসা করেন এবং নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ইফতার শেষে আমন্ত্রিত অতিথিরা এক মনোজ্ঞ আড্ডায় অংশ নেন। তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফের সদস্যরা সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং জাতীয় পর্যায়ে নোয়াখালীর প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে এনজেএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সৌরভ, দপ্তর সম্পাদক এফ আই মাসউদ, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা কাউসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফয়েজ বিন আকরামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এনজেএফ’র সাংগঠনিক সম্পাদক সাইফ আহমাদ ইফতার মাহফিলে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং নোয়াখালীর ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে এনজেএফ বরাবরের মত কাজ করে যাবে।

ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এক মিলনমেলায় পরিণত হয়। নোয়াখালীর উন্নয়ন, সাংবাদিকদের ভূমিকা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও অর্থবহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন