ডাকসু নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থী জুবেল বলেন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্যানেল করা হয়েছে।

বামজোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

অন্য পদগুলোতে জোটের কারা কারা প্রার্থী, সেটি মঙ্গলবার প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন সোমবার। শেষ সময়ের মধ্যেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা।

এদিন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

২৮ সদস্যের সেই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন