এটিএম আজহারুল ইসলামের মতো সালাউদ্দিন কাদের চৌধুরী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীও মুক্তি পেয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার বেকসুর খালাস পাওয়ার পর দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন সারজিস আলম।
তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন!’
তিনি আরো বলেন, ‘ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার হাজারো ভাইবোন। কিন্তু সেই সুযোগ আর নেই।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।’
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারকে মঙ্গলবার খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন। সেই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তিরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

