বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি সরকারের আমলেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করে শেষ করতে হবে। কারণ এটি নতুন কোনো দাবি নয়, প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে কুষ্টিয়া, পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষ এ দাবি জানিয়ে আসছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবে পাটুরিয়া কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ‘পাটুরিয়া কাজিরহাটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে’ আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
অতীতের যোগাযোগব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, দেশভাগের আগে চুয়াডাঙ্গা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েক ঘণ্টার মধ্যেই যাতায়াত করা যেত। কিন্তু পরবর্তীতে রাজধানী ঢাকায় যাতায়াত অনিশ্চিত হয়ে ওঠে।
শামসুজ্জামান দুদু বলেন, একসময় পদ্মা নদী পারাপারে ফেরি চলাচল ছিল ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। বড় ঢেউয়ের মধ্যে ফেরি চলাচলের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, এতে মানুষের মধ্যে ভয় কাজ করতো। তবে বর্তমানে সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
পদ্মা সেতু প্রসঙ্গে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এটি শুধু রাজনৈতিক দাবি নয়, বরং বাস্তব প্রয়োজনের বিষয়। বিএনপির পক্ষ থেকে একাধিক সেতু নির্মাণের দাবি ছিল। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিক পদ্মা সেতুর কথা বলেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, আয়োজক সংগঠনের সভাপতি মো. আবু তোহা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনসহ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

