সরকারের কিছু পদক্ষেপ সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে: রিপন

সরকারের কিছু পদক্ষেপ সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে: রিপন

অন্তর্বর্তী সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের জনগণ এবং সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। এই দুর্যোগের জন্য যারা দায়ী তারা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশের পরিস্থিতি শীর্ষক’ এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করেছি এবং করি। কিন্তু এই অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের জনগণ এবং সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে। আমরা শুনলাম ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার রাখাইন রাজ্যগুলো মানবিক করিডর দিচ্ছে। এই মানবিক করিডর কি? মানবিক করিডর হচ্ছে যখন পাশের রাজ্যে পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয় তখন সে দেশের সাধারণ জনগণকে নির্গমের জন্য রাস্তা করে দেওয়া হয়। এ ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সব মানবিক করিডোর অমানবিক অবস্থায় পতিত হয়েছে। সুতরাং বাংলাদেশের যে মানবিক করিডোর দেয়া হচ্ছে এটা বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের জন্য সুখকর নয়।

ড. মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, তখন সব ছাত্ররা মিলে আপনাকে ক্ষমতায় বসিয়েছিল। এখন কিন্তু সব ছাত্ররা আপনার পক্ষে নেই। ছাত্রদের একটা অংশ আপনার পাশে আছে। বাকিরা যার যার দলে চলে গেছে। বিএনপির ছাত্ররা ছাত্রদলে ফিরেছে। জামায়াতের ছাত্ররা ছাত্রশিবিরে ফিরেছে। বাম দলের ছাত্ররা বাম দলের ছাত্র সংগঠনগুলোতে ফিরেছে। সুতরাং ছাত্রদের শুধু একটা অংশ আপনার পাশে আছে। তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করি।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনি চাইলে দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু আপনার ভুলের কারণে দেশের জনগণ বিপদে পড়তে পারে। আপনি তো মুখ মুছে বিদেশে চলে যাবেন। যাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছেন তারাও বিদেশে চলে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশে থাকতে হবে। আমাদের দেশে থাকতে হবে। এই সাধারণ জনগণের দেশে থাকাটা অনিরাপদ করবেন না। আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিবেন না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ সংগঠনটির নেতৃবৃন্দরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন