আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবি পার্টির শোক

স্টাফ রিপোর্টার

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবি পার্টির শোক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার খবরে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি গভীর শোক ও নিন্দা জানিয়েছে।

একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর এ ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন, যা বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

বিজ্ঞাপন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ সময় ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার।

নেতৃবৃন্দ আরও বলেন, দুনিয়ার অতীত ইতিহাস প্রমাণ করেছে ‍যে সামরিক আগ্রাসন ও শক্তির রাজনীতি কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং তা প্রতিশোধ, অস্থিরতা ও সংঘাতকে উসকে দেয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই যুদ্ধ এবং সংঘাত বন্ধ করা। এবি পার্টি স্পষ্টত মনে করে, বিশ্বে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সমাধান। শক্তির প্রদর্শন নয়, ন্যায় ও মানবতার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে তার পরিবার, ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবি পার্টি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে, আর কোনো আগ্রাসন নয়, বরং অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...