বাংলাদেশি পরিচয়ের মধ্যেই পার্বত্য সমস্যার ৯০ শতাংশ সমাধান: দুদু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি পরিচয়ের মধ্যেই পার্বত্য সমস্যার ৯০ শতাংশ সমাধান: দুদু

বাংলাদেশি পরিচয়ের মধ্যেই পার্বত্য সমস্যার ৯০ শতাংশ সমাধান রয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি এরচেয়ে বেশিকিছু হওয়ার কোন প্রয়োজন নেই। পার্বত্য অঞ্চলে শুধু পাহাড়িরা থাকবে এই চিন্তাধারা জটিলতা তৈরি করতে পারে। ওই ভূখণ্ডে যে জাতিগুলো আছে তারা তো ঢাকায়ও আছে। সারা দেশেও আছে। এখানে তো সংকট তৈরি হয় নাই। পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে।’

রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রফেশনালসের উদ্যোগে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেছেন, ‘পার্বত্য ও সমতল অঞ্চলের আমরা সবাই কিন্তু বাংলাদেশি। পাসপোর্টে বাংলাদেশি উল্লেখ আছে, বাঙালি না। আমরা বাংলাদেশি এটা যদি বুকে ধারণ করতে পারি, যেমন- আমেরিকান, কানাডিয়ান, ব্রিটিশ; তাহলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সবাই বাংলাদেশি, তবে যার যার নিজস্ব সংস্কৃতি আছে, ধর্ম আছে। সবাই সংস্কৃতি ও ধর্ম ধারণ করে রাখবে, পালন করবে। আমাদের এই জাতি গোষ্ঠীগুলোর একে অপরের প্রতি যদি সম্মানবোধ না থাকে তাহলে সংঘাত অনিবার্য।’

দুদু উল্লেখ করেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি। তবে হ্যাঁ আমাদের কেউ কেউ পাকিস্তানের পক্ষে ছিলেন। শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে চাই। এটাই বাংলাদেশের স্পিরিট, বিএনপির স্পিরিট, ১৭ বছর ধরে যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরও স্পিরিট।’

শামসুজ্জামান দুদু আরো বলেন, পার্বত্য সমস্যার সাথে এনজিও’দের সংশ্লিষ্টতা আছে। কিন্তু এনজিওবিদ এবং রাজনীতিবিদদের নীতি এক না। কেউ কেউ চায় সমস্যাকে জিঁইয়ে রেখে বিদেশ থেকে ফান্ড এনে ব্যবসা করতে। আর রাজনীতিবিদরা চায় সমাধান করে সকল নাগরিককে নিয়ে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে।

তিনি বলেন, রক্ত ঝরিয়ে কেন স্বার্থ হাসিল করতে হবে? এটা ঠিক হবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি। বাংলাদেশের মানুষকে রক্ষা করি। ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে রক্ষা করি বলেও মন্তব্য করেন দুদু।

তিনি আরো বলেন, ‘আদিবাসী’, ‘নৃগোষ্ঠি’ এবং ‘সংখ্যালঘু’ এসব আলাদা আলাদা পরিচয়ের মধ্যেই যত সমস্যা। নিজেদের আলাদা আলাদা পরিচয় থাকতে পারে যেমন আমরা বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের মূল পরিচয় আমরা সবাই বাংলাদেশি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশির, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদী হাসান পলাশ।

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন,পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি ভৌগোলিক সমস্যা ভৌগলিকভাবেই এই সমস্যা সমাধান করতে হবে। পাহাড়ে শান্তিচুক্তির নামে অশান্তি সৃষ্টি করা হয়েছে। অনেক সেনাক্যাম্প সরিয়ে নেয়া হয়েছে তা ঠিক সিদ্ধান্ত ছিল না। চুক্তি বাতিল করা উচিত। পাহাড়ি ও বাঙালিদের সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন