আলোচনা সভায় কায়সার কামাল

আমরা চাই না জনগণ রাস্তায় নেমে সরকারকে যৌক্তিক সময় বুঝিয়ে দিক

আমরা চাই না জনগণ রাস্তায় নেমে সরকারকে যৌক্তিক সময় বুঝিয়ে দিক

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল, কিন্তু এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো যৌক্তিক সময়ের অর্থটা বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা।

বিজ্ঞাপন

সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই দাবি হঠাৎ করে বলা হয়নি; যেদিন প্রফেসর ইউনুস সাহেব শপথ নিয়েছিলেন, সেদিনই তারেক রহমান বলেছিলেন, 'রাজনৈতিকভাবে আমরা তাকে সমর্থন করি কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছি।' যৌক্তিক সময়ের অর্থটা এখন যারা উপদেষ্টা আছেন তারা হয়তো বুঝতে পারছেন না। আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিক যৌক্তিক সময় কোনটা। কারণ উপদেষ্টাদের মধ্যে এমন লোক আছেন, তো ১৯৯১ সালের নির্বাচনে ২৪৯ ভোট পেয়েছিলেন। তারা নির্বাচনটা দিতে কেন ভয় পান বা দেরি করছেন, দেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন। আর সেই জন্যই আমাদের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, দেশে মব জাস্টিস কালচার তৈরি করা হয়েছে, সেজন্য তো হাজার হাজার মায়ের বুক খালি হয়নি। যে বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, সেজন্য তো আমার ভাই রক্ত দেননি। আমরা চাই এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম আত্মনির্ভরশীল বাংলাদেশ হবে। যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে। প্রত্যেক নাগরিক সাংবিধানিক অধিকার পাবে। আর সেজন্যই জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন। যে রাষ্ট্র কাঠামোয় আমার আপনার মুক্তির গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো কৃষকদের গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো স্বাস্থ্য অধিকার কর্মীদের গ্যারান্টি দিচ্ছে, যে রাষ্ট্র কাঠামো মানবাধিকার কর্মীদের গ্যারান্টি দিচ্ছে, দেশের ১৮ কোটি মানুষের গ্যারান্টি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। আইনজীবী সমাজের দায়িত্ব তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়নে কাজ করা।

ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে, সদস্য সচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ বোরহান উদ্দিন ও ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, মকবুল হোসেন ফকির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহি উদ্দিন চৌধুরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন