ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী হত্যাকাণ্ডে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী হত্যাকাণ্ডে জামায়াতের শোক

ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৬ জুন স্থানীয় সময় রাতে ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি এ্যাপার্টমেন্টে একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল (৪০), তাঁর সহধর্মিণী আরজু বেগম (৩৮) এবং তাদের নিষ্পাপ কন্যা আরোয়া ইসলাম আরিশা (৫) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অপর সন্তান আমির হোসেন অয়ন (২০) গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসীব করার জন্য মহান ররেব নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক কামনা করছি। একই সঙ্গে আহত সন্তান আমির হোসেন অয়নের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

গোলাম পরওয়ার আরো বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।

অপরদিকে গত ২১ জুন কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ নামে আরও পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সকলেই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, উভয় দুর্ঘটনায় নিহতদের বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রবাসী হলে সেটি আরও মর্মন্তুদ। আমি এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফিরদাউসে দাখিল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। একই সাথে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আমি নিহত প্রবাসী বাংলাদেশিদের লাশ সরকারি খরচ ও তত্ত্বাবধানে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং উভয় দেশের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...