গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ নিয়ে ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন মন্তব্য করেন তিনি।
সোমবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
জানা গেছে, ভারতের বার্তা সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রোববার প্রকাশিত সাক্ষাৎকারটিতে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়সহ নানা ইস্যুতে কথা বলেন।
এ বিষয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন। জানিনা তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোন প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামীলীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।
বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না বলেও সতর্ক করেন জামায়াত আমির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

