জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মহাখালী এলাকায় সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর।
মঙ্গলবার সকাল ১০ টায় মহাখালী কলেরা হাসপাতালের সামনে (মহাখালী রেলগেট) সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিল বের হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াত কোন আপোস করবে না। দুর্নীতিমুক্ত একটি টেকসই গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াত। জামায়াত ক্ষমতায় গেলে বিগত ৫৪ বছরের বঞ্চনা দুর করবে ইনশাআল্লাহ। কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারী, সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। ইমানদারদের যুদ্ধ শেষ হয় না। জীবন থাকা পর্যন্ত অন্যায়-জুলুমের বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, ডা. ফখরুদ্দিন মানিক, মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে বিশাল একটি গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতের ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

