জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে আগামী দিনগুলোয় আরো ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ আহ্বান জানান।
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ ব্রিফিংয়ের সমালোচনা করে তারা বলেন, একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব হচ্ছে সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। তাই কোনো একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি প্রকাশ করা তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রীয় বৈষম্যের বার্তা দেয়।
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরিতে যে কোনো গঠনমূলক সংলাপকে আমরা স্বাগত জানাই। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনকালীন প্রক্রিয়া, বিচারিক অগ্রগতি ও কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে, তা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
তারা বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য সময়সূচিকে বাংলাদেশ খেলাফত মজলিস স্বাগত জানিয়েছিল। যদিও আমাদের প্রাথমিক অবস্থান ছিল—প্রয়োজনীয় সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া যুক্তিযুক্ত।
শুক্রবারের আলোচনায় তারেক রহমানের পক্ষ থেকেও অনুরূপ প্রস্তাব আসা এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শর্তসাপেক্ষে তা মেনে নেওয়া একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

