ইসলামী আন্দোলন মহাসচিব

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের জন্য আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন হয়। তরুণরা রাতের পরে রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। বেকারত্বের মধ্যে ধার-দেনা করে পরীক্ষার ফি ও আসা-যাওয়ার খরচ জোগাড় করে। পরীক্ষার কেন্দ্রে এসে যদি জানা যায় যে, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল হয়েছে তাহলে এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নফাঁসের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং পরীক্ষার্থীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকার আহবান করছে।

শনিবার বিকালে এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবী জানান।

মাওলানা গাজী আতাউর রহমান বিরক্তি প্রকাশ করে বলেন, সরকারের সক্ষমতা চূড়ান্ত দুর্বল হলে এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্থ হলেই প্রশ্নপত্র ফাঁস হতে পারে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটা রাষ্ট্রের এমন ব্যর্থতার কাফফারা তরুণরা দেবে না। বিএনপি সরকারও এর দায় এড়াতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরণের দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন