স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জামায়াত নগরবাসীকে এমন এক ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপহার দিতে চায় যা হবে শিক্ষাবান্ধব, যানজট ও ঘিঞ্জিমুক্ত আদর্শ নগরী; সেখানে নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
তিনি শনিবার রাজধানীতে কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত বিনামূল্যের সুপ্রেয় পানির পাম্প উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন আরও বলেন, সরকারি দলকে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে হয় এবং নিজেদেরও নিতে হয়। তাই তাদের পক্ষে যথাযথভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। এমতাবস্থায় আগামী দিনের সিটি প্রশাসনের দায়িত্ব বিরোধী দলের হাতে তুলে দিলে অল্প সময়ের মধ্যে ডিএনসিসিকে একটি সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আদর্শ নগরীতে পরিণত করা সম্ভব হবে। নগরীর পরিবেশ নির্মল ও নাগরিক বান্ধব রাখতে নেওয়া হবে ব্যাপকভিত্তিক সবুজায়নের পদক্ষেপ।
জামায়াত ভালো মানুষ তৈরি, সুনাগরিক সৃষ্টি ও ব্যক্তির চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের যথাযথা প্রক্রিয়ায় তালিম দিয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করে বলেও মন্তব্য করেন নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
থানা সেক্রেটারি আতিক হাসান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা এবং উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান।
উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, ছায়েফুল্লাহ, সিরাজুল ইসলাম, সেনপাড়া কাজীপাড়া বাড়ি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য কে এম খালিদ হাসান, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, সেনপাড়া মধ্য ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম ভুইয়া ও উত্তর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান প্রমূখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

