শিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন হলে ‘জান্নানের ফুলের মেলা’ শিরোনামের এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিশুদের সঙ্গে খেলাধুলাসহ আনন্দ-উচ্ছাসে মেতে ওঠেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারিয়েট সদস্যদের (বর্তমানে অনেকেই জামায়াত নেতা) স্ত্রী-সন্তানসহ আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। এসময় তিনি উপস্থিত শিশুদের জন্য নানা উপহার সামগ্রী বিতরণ করেন। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে জামায়াত আমির ছাড়াও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শিশুদের জন্য দোয়া করেন। তিনি শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকতের প্রতি আহ্বান জানান।
এ আয়োজন সম্পর্কে মতিউর রহমান আকন্দ নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেন, পুলিশ কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জান্নাতের ফুলের মেলা’ অনুষ্ঠানটি বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। গভীর আগ্রহ নিয়ে অনুষ্ঠান শুরুর অনেক আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছিলাম।
তিনি বলেন, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান হলে প্রবেশ করা মাত্রই এক উচ্ছ্বসিত পরিবেশ তৈরি হয়। শিশুরা তাদের পিতার কোলে চড়ে আমিরে জামায়াতকে স্বাগত জানায়। শিশুদের দৌড় ঝাপ ও পিতার কোলে চড়ে আমিরে জামায়াতের নিকট থেকে উপহার নেওয়ার আবেগময় মুহূর্ত গুলো তাদের জীবনের জন্য অমূল্য স্মৃতি হয়ে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

