জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচন স্থগিত করার ক্ষমতা কারো নেই।
সোমবার হাইকোর্টের ডাকসু নির্বাচনের স্থগিত রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাবির অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে তামাশা করছে। তারা কীভাবে নির্বাচন স্থগিত করার মতো ফাঁকফোকর রেখে দিয়েছে, তা বোধগম্য নয়।
আবিদ বলেন, বামজোটের নেত্রী ফাহমিদা আলম শিবিরের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদকে নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, ফরহাদ ৫ আগস্টের আগে ও পরে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেননি। এই রিটের ভিত্তিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা এই ধরনের অন্যায় স্থগিতাদেশ মেনে নেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা সকল ধরনের প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাব।
সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ডাকসু আমাদের অধিকার’ ও ‘নির্বাচন হবে হবে’ স্লোগান দেন এবং স্থগিতাদেশের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

