বিবৃতিতে ১২ দলীয় জোট

ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক জাতির জন্য একটি স্বস্তির বার্তা

ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক জাতির জন্য একটি স্বস্তির বার্তা

লন্ডনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে জাতির জন্য একটি স্বস্তির বার্তা বলে উল্লেখ করেছেন ১২ দলীয় জোট।

বিজ্ঞাপন

শুক্রবার বৈঠকের পর যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের এই বার্তা জানায়।

১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই বৈঠকে সকল আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। নেতৃবৃন্দ বলেন, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে, তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, আশার আলো।

নেতারা বলেন, সমগ্র বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিল থেকে সরে এসে নির্বাচনের জন্য ফেব্রুয়ারি প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন আয়োজনে ঐক্যমতে পৌঁছানোর জন্য ড. মুহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ।

নেতৃবৃন্দ আরো বলেন, আজকের এই বৈঠক যেন শুধু কথার কথায় না থাকে; জনগণ সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন