জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৬ বছরে জামায়াতের বহু নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে নিষ্ঠুর নির্যাতন করেছে। শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের গাজীপুর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু তাই নয় অনেককে মিথ্যা সাজানো মামলায় ফাঁসি দিয়েছে। তিনি বলেন বিচারের নামে মিথ্যা মামলা,মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল এবং কথিত বিচারকদের সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করেছে হাসিনা । সে সময় বিদেশ থেকে রায় লিখে দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে। আর সেই সব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছে শেখ হাসিনা।
জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন,আমরা একটি কালো যুগ পার করেছি বিগত ১৮টি বছর। ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি সন্ত্রাসী শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা দিয়ে জামায়াত শিবিরের সাতজন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তাদের মৃতদেহের উপর উঠে ঘৃণ্য উল্লাস করেছিল আওয়ামীলীগের সন্ত্রাসীরা। আমরা সেই ইতিহাস ভুলে যাইনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোন ন্যায় বিচার ছিল না,শাসন ক্ষমতা এই শেখ পরিবার হাসিনার পরিবার এবং আওয়ামী পরিবার সিন্ডিকেট করে ব্যবসা-বাণিজ্য সবকিছু তছনছ করে দিয়েছিল।
তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দেশের জনগন ভোট দিতে পারে নাই ।
বিরোধী দলের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য নেতা কর্মীদের গুম করেছিল। রাজনৈতিক দলনিষিদ্ধ করে নির্যাতন করে চেষ্টা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।
দেশ ছেড়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে নজির বিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার ও ফ্যাসিস্টদের বিদায় দেখেছি। কিন্তু হাসিনার মতো এইভাবে জনতার রুদ্র রোষে কাউকে পালিয়ে যেতে দেখিনি।
তিনি আরো বলেন হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একজন আন্তর্জাতিক খুনি ও সব খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে জেনেভা কনভেনশন এবং সকল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য । তাকে বিচারের আওতায় আনতে হবে।
যে ট্রাইব্যুনাল দিয়ে দেশের আলেমদেরকে ফাঁসি দেয়া হয়েছিল আল্লাহর কি বিচার, এখন সেই ট্রাইব্যুনালেই হাসিনার বিচারের আয়োজন চলছে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্ৰীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. মোঃ সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোঃ আবুল হাশেম খান,গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদ্দিন, সিনিয়র নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকীমসহ জেলা উপজেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনে আহত একজন পোষাক কর্মী মুকুল কুমার দত্ত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

