বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি নির্বাচিত দায়বদ্ধ ও জবাবদিহি সরকারের জন্য অপেক্ষা করছে দেশের জনগণ। তাই যত তাড়াতাড়ি গণতান্ত্রিক পরিবেশ ফেরানো হবে, ততই মঙ্গল। তবে নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার দুপুরে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।
এনসিপির সেকেন্ড রিপাবলিক চাওয়া নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নে আমীর খসরু বলেন, দেশে মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি তৈরির জন্য আমরা ১৬ বছর আন্দোলন করেছি। রাজনীতিতে মত-দর্শন কিংবা চিন্তা তুলে ধরার জন্য সবার সমান অধিকার থাকবে। সুতরাং নতুন দলটিও নিজেদের কথা তুলে ধরেছে। এটিই গণতন্ত্র।
তিনি বলেন, দিনশেষে নিজ নিজ চিন্তাভাবনা নিয়ে নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হবে আমাদের। জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে আসতে হবে। কেননা কথা বলার অধিকার সবার রয়েছে।
নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন জুন মাসের মধ্যেই সম্ভব। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে সন্দেহ কেউ প্রকাশ করছে না৷ এটা সরকারকে বলতে হবে। সরকারে রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানসহ নবনির্বাচিত কর আইনজীবীর নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

