জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না, মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে এবং এ সরকারের সময়ই তা করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে ইফতার মাহফিলে এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতা এ সরকারকে এনেছে পরিবর্তনের জন্য, বিচার পাওয়ার জন্য। রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার করেই আমরা নির্বাচনের কথা ভাবছি। আমরা নির্বাচন করার জন্যই নতুন রাজনৈতিক দল গঠন করেছি। তবে নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান ও সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।
তিনি বলেন, ফ্যাসিবাদিরা পিছু হটলেও পুরানো রাজনীতির অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনায় রয়েছে। সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি। যারা পরিবর্তন চায়নি তাদের কিন্তু বাংলাদেশ থেকেই বিতাড়িত হতে হয়েছে। পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা কালের গর্ভে হারিয়ে যাবে।
অন্যান্য দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরিবর্তন, সংস্কার, বিচার এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পুরোনো রাজনীতি আমরা চাই না। যারা বিজ্ঞ রাজনীতিবিদ রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন, তাদের কাছ থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রয়েছে সেই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নাগরিক ঐকমত্য গঠিত হয়েছে তা ধরে রাখতে হবে। গণঅভ্যুত্থানের যে স্পিড রয়েছে তার সাথে কোন আপোষ করে আমরা কারো সাথে সমঝোতা করবো না। বাংলাদেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতার হাত ধরেই এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ছাত্র-জনাতার দ্বায়িত্ব। সে দ্বায়িত্ব থেকেতই আমরা নতুন দল গঠন করেছি।
তিনি বলেন, সকলকে আমাদের ঐ্যক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দলে কোনো সুবিধাবাদী ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সারা দেশে সমন্বয়ক ও নতুন দলের নেতাদের পরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে এবং মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না। তবে আমাদের মধ্যে কোন চাঁদাবাজ ও দখলদার যেন স্পেস না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কোন চাঁদাবাজ ও দখলদারদের সাথে আপোষ করবো না। এ বিষয়ে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

