জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনায় বক্তারা

দেশ ও মানবতার প্রশ্নে ওলামায়ে কেরাম কখনো আপস করে না

দেশ ও মানবতার প্রশ্নে ওলামায়ে কেরাম কখনো আপস করে না

জুলাই আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটা ছিল ঈমানদার ছাত্রদের আত্মত্যাগ, নৈতিক দৃঢ়তা এবং বাতিলের মোকাবেলায় আপসহীন অবস্থানের প্রতিচ্ছবি। মাদরাসার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে—দেশ ও মানবতার প্রশ্নে ওলামায়ে কেরাম কখনো আপস করে না।

বৃহস্পতিবার দুপুরে উত্তরায় চাইনিজ হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অসামান্য অবদান স্মরণ এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন উত্তরা উলামা পরিষদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, উস্তাদ, ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য আলেমরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তরা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিন। বিশেষ আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল মুফতি মনির হুসাইন কাসেমী, উইজডম একাডেমির প্রিন্সিপাল ও জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ খাঁন, শহীদ মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, উত্তরা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার ও এনসিপি নেতা মাহতাব খাঁন বাঁধন।

সভায় বক্তারা বলেন, জালিমের জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলার অপরাধে যেসব ছাত্র শহীদ হয়েছেন, তারা আমাদের জাতির সম্মান। ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সভায় জুলাইয়ে পুলিশের গুলিতে উত্তরায় নিহতের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয় এবং শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি, মাদ্রাসা এবং উলামায়ে কেরামের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন