আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শরীয়তপুর-৩ আসনে বিজয়ী বিএনপির অপু

প্রতিনিধি, ডামুড্যা ও শরীয়তপুর

শরীয়তপুর-৩ আসনে বিজয়ী বিএনপির অপু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট। অন্য দুই প্রার্থী তুলনামূলক কম ভোট পান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১১৭টি কেন্দ্রে। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এ আসনে। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হানিফ মিয়া এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান।

বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এই বিজয় শুধু আমার একার নয়, শরীয়তপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ তাদের ভোটের মাধ্যমে যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। এই ফলাফল প্রমাণ করে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।

তিনি আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ, নির্বাচনকে ঘিরে সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন