গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসার লক্ষ্যে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান।
তিনি জানান, আহত অবস্থায় রাতে যখন আনা হয়; প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। পরে সেখান থেকে তাকে ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টার (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউ তে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, তার নাকের হাড় ভেঙ্গে গেছে, চোখের উপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছে।
তার বর্তমান অবস্থা সম্পর্কে পরিচালক বলেন, তিনি বর্তমানে স্ট্রাবল (স্থিতিশীল) রয়েছে। তবে ৪৮ ঘন্টা না যাওয়া পর্যন্ত শঙ্কা মুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ রয়েছে, তা ওষুধে ভালো হয় যাবে বলে আশা করছি।
মেডিকেল বোর্ডে রয়েছেন- হাসপাতালের পরিচালক, এনেস্তেসিয়ার প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক কান গলা বিভাগের একজন, নিউরোসার্জারী বিভাগ ও চক্ষু বিভাগের প্রতিনিধি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

