বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

বিএনপি রাষ্ট্র সংস্কার করতে চায় না, বরং দেশে জেঁকে বসা আধিপত্যবাদের সঙ্গে আপস করে রাষ্ট্র পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের রক্তস্নাত জাতীয় ঐক্যে ফাটল ধরাতে বিএনপি চক্রান্ত শুরু করেছে এবং তাদের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ইসলামপন্থীদের।

সম্প্রতি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে জুলাই সনদ স্বাক্ষরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আল্লামা মামুনুল হক বলেন, ‘সব ভেদাভেদ ভুলে রাষ্ট্র মেরামত, ফ্যাসিবাদের পতন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার প্রত্যয় নিয়ে জুলাই বিপ্লবের রাজপথে এক অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। কিন্তু বিএনপি এখন সেই ঐক্যে ফাটল ধরাতে হাত দিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তারা এই বিভেদ তৈরির প্রথম টার্গেট বানিয়েছে ইসলামপন্থিদের।’

বিএনপিকে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘আপনাদের এই অপতৎপরতা অবিলম্বে বন্ধ না হলে মনে রাখবেন, এ দেশের ইসলামপন্থিরা গত ৫০ বছর আপনাদেরকে সেবা দিয়ে গেছে। আশা ছিল আপনারা বাংলাদেশে আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সঠিক নেতৃত্ব দেবেন। কিন্তু আজ দেশবাসীর সামনে পরিষ্কার হয়ে গেছে যে, আপনারা কোনো রাষ্ট্র সংস্কার চান না; বরং আধিপত্যবাদের সাথে আপস করেই দেশ চালাতে চান।’

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা এবং বিপ্লবের চেতনাকে বিসর্জন দিয়ে কোনো রাজনৈতিক দলের আধিপত্যকামী চক্রান্ত এ দেশের মুক্তিকামী জনতা সফল হতে দেবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন