বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন লেগে পুড়ে গেছে এভিআর (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) মেশিন। এ ঘটনায় সোমবার বন্ধ ছিল পাসপোর্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম।
ফলে পাসপোর্টের ছবি তোলা, নতুন আবেদন গ্রহণ ও পাসপোর্ট সংগ্রহ করতে না পেরে ফিরে গেছেন সেবা নিতে আসা অনেক মানুষ।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে এভিআর মেশিনটি পুড়ে নষ্ট হলেও সার্ভার, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্য কোনো যন্ত্রপাতির ক্ষতি হয়নি।
এভিআর মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় সোমবার পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম বন্ধ রাখতে হয়। এতে দূরদূরান্ত থেকে আসা আবেদনকারী ও পাসপোর্ট নিতে আসা ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েন।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, বিদ্যুৎ বিভ্রাটের পর সরবরাহ পুনরায় চালু হলে অতিরিক্ত ভোল্টেজের কারণে এভিআর মেশিনে আগুন লাগার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরো জানান, নষ্ট হওয়া এভিআর মেশিনটি সংস্কারের জন্য পাঠানো হয়েছে। মেশিনটি ঠিক করা সম্ভব হলে আগামী ২৫ অক্টোবর, রোববার থেকে পাসপোর্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আশা করছেন তারা।
সহকারী পরিচালক বলেন, ‘মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় সেবা কার্যক্রম বন্ধ থাকার কারণে গ্রাহকদের ভোগান্তি তুলনামূলক কম হবে ।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

