ঠাকুরগাঁও পৌরসভার ওয়াবদা কলোনি এলাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের নির্বাচনী প্রচারের মাইকিংয়ের একটি রিকশার পথরোধ করে ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় চার দুষ্কৃতকারী রিকশাচালককে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে।
রোববার রাতের এই ঘটনায় রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুষ্কৃতকারীদের একজন রিকশার সামনের গ্লাস ভেঙে ফেলে এবং চালককে আহত করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই রিকশাচালক বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমানকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে রিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রিকশাটি মেরামতের ব্যবস্থা করেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ভুক্তভোগী রিকশাচালককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ রিকশাচালকের জবানবন্দি গ্রহণ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশ দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ঠাকুরগাঁও পৌরসভা শাখার সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসেন।
এ সময় দলটির নেতৃবৃন্দ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


