ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেনের সমর্থনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের নির্যাতনের শিকার হওয়া দেলাওয়ার হোসেন জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবেন।’

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, রংপুর বিভাগের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল মামুন ইসলাম এবং ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

আতিকুর রহমান বলেন, ‘দেলাওয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হন। ওই সময়ে দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে দুই শতাধিক মামলা দেওয়া হয় এবং ৫৭ দিন রিমান্ডে রেখে নির্যাতন করা হয়। তাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল ।’

তিনি বলেন,‘যিনি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, সেই দেলাওয়ার হোসেন আজ জনগণের সেবায় নিয়োজিত হতে আপনাদের সামনে এসেছেন। ভোটের মাধ্যমে জনগণই এর জবাব দেবেন।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে আতিকুর রহমান অভিযোগ করেন, অতীতে স্বৈরাচারী সরকারের আমলে যারা নির্যাতন ও মামলার শিকার হননি, ভোটারদের উচিত তাদের ভূমিকা নিয়েও বিবেচনা করা।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে সামান্য অর্থ বা উপহার দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হতে পারে। কিন্তু নির্বাচিত হওয়ার পর এসব প্রার্থী জনগণের কল্যাণে অর্থ ব্যয় করবেন কি না, তা বিবেচনা করে ভোট দিতে হবে। তিনি আরো দাবি করেন, বিগত সময়ে বিভিন্ন জনপ্রতিনিধিরা তাদের এলাকার বরাদ্দ ও ব্যয়ের হিসাব সঠিকভাবে প্রকাশ করতেন না।

কৃষকদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং দলীয়করণের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, দলীয় কর্মী ও আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়ার ফলে সাধারণ কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে।’ এ ধরনের কর্মকাণ্ড জনপ্রতিনিধিদের জবাবদিহির প্রশ্নকে সামনে নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

আতিকুর রহমান ঠাকুরগাঁওবাসীকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,‘দেলাওয়ার হোসেন নির্বাচিত হলে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন ।’ এ সময় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং দায়িত্বশীল শ্রমিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন