আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণমাধ্যমকে আখতার হোসেন

নাহিদ-তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ

আমার দেশ অনলাইন

নাহিদ-তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির নতুন মন্ত্রিসভায় এনসিপি নেতাদের যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘না। এ ধরনের কোনো আলোচনা আজকের বৈঠকে হয়নি।’

বিজ্ঞাপন

আখতার হোসেন আরো বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পরিবার ও পুনর্বাসন নিয়ে আমরা কথা বলেছি। এনসিপি আহ্বায়ক ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এ সময় শাপলা কলির একটি কাঠামো এবং একজন শহীদের হাতে লেখা একটি চিঠি তাকে উপহার দেওয়া হয়েছে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেই আমাদের প্রত্যাশা।’

এনসিপির সদস্য সচিব বলেন, ‘গণতন্ত্রের পক্ষে যেকোনো রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা যেন একত্রে বসতে পারি। সংলাপের মধ্য দিয়েই যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি, এ ব্যাপারেই নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন। আমরা আশাবাদী আজকের যে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ, এ ধরনের সংলাপের মধ্য দিয়েই আমরা দেশের যেকোনো সমস্যা সমাধান করতে পারব।’

আখতার হোসেন বলেন, তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাতে এসেছিলেন। এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিবাচক কথা বলেছি।

এনসিপির সদস্য সচিব বলেন, আজ তারেক রহমান ও নাহিদ ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মধ্যকার এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদের দেয়। আমরা মনেপ্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক পথটা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক দল একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব।

আখতার হোসেন বলেন, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি দিয়ে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো আমাদের কথা। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সে বিষয়গুলো নিয়েও আমরা তারেক রহমানকে জানিয়েছি। তাদের দলের তরফ থেকে সে বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেইসব আমাদের যারা বীর-গাজীরা আছেন তাদের যথোপযুক্ত পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ২৪-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা প্রতীকের একটি প্রতিচ্ছবি তিনি তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন। ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠিও তিনি তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন