ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ১৯৪৮ সালে ইসরাইলের জন্ম থেকেই মানবতার সঙ্গে তারা একের পর এক অপরাধ করেই যাচ্ছে। সর্বশেষ বিগত দেড় বছর ধরে পৃথিবীর শতকোটি মানুষকে সাক্ষী রেখে ফিলিস্তিনিদের ওপরে বর্বর গণহত্যা পরিচালনা করে যাচ্ছে।
অবাক করার মতো বিষয় উল্লেখ করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রসমূহ এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। আরব রাষ্ট্রগুলোও নিশ্চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তারা সহায়তাও করছে।
শনিবার এক বিবৃতিতে চরমোনাই পীর আরো বলেন, নির্মম গণহত্যার এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ইসরাইলকে প্রতিহত করার এই ব্যর্থতা গোটা বিশ্ববাসীকে কলঙ্কিত করেছে।
তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। এখন চলমান সংঘাত বন্ধে সব আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করুন। তাতে কাজ হোক বা না হোক অন্তত আমাদের প্রচেষ্টার ছাপ থাকুক মহাকালের ইতিহাসে। কারণ সভ্যতার স্বার্থেই ইসরাইলকে থামাতে হবে।
চরমোনাই পীর বলেন, হিংস্র ইসরাইল ফিলিস্তিনের পাশাপাশি এখন সমগ্র মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধ শুরু করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপরে তারা যে অসভ্য ও নিষ্ঠুর হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ইরানে নিহত সামরিক ঊর্ধ্বতন নেতৃবৃন্দসহ নিহত সব সামরিক-বেসামরিক জনতার প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

