ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাতাকলে পিষ্ট হয়েছে জাতি। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।
শুক্রবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে, কিন্তু অন্তবর্তী সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি।
দলীয় সূত্র জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের নির্ধারিত কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী ৫ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার তিনি ড. ইউনুসের প্রতি আহবান করে বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষ অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহিদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে স্বার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোন দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাঁধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেয়া দায়িত্ব আপনি অবিচলতার সঙ্গে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
তিনি জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। যার যার দায়িত্ব পালন করুন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

