চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

প্রতিনিধি, ঢাবি

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি। ছবি: আমার দেশ

চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের টিএসসি থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

ছাত্রদলের দাবি, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন’ করাকে কেন্দ্র করে তাদের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবির হামলা চালায়। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বক্তব্য রাখেন।

তিনি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে ‘মেধাভিত্তিক ও ইতিবাচক রাজনীতির পরিবেশ’ নষ্ট করার চেষ্টা চলছে।

তিনি বলেন, চট্টগ্রামে ছাত্রশিবিরের সাংগঠনিক অবস্থান শক্ত থাকায় সেখানে ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, ‘দেওয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এর পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর প্রতিক্রিয়া জানাবে।’

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ‘ভিন্নধর্মী রাজনৈতিক বর্ণনা তৈরি করে একটি নির্দিষ্ট মহল কর্তৃক জনমত বিভ্রান্ত করার চেষ্টা চলছে।’

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে পরদিন বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদল ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এ হামলায় ছাত্রদলের একাধিক নেতাকর্মীসহ শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছেন। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষাঙ্গনে ‘গুপ্ত রাজনীতি ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার’ আহ্বান জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...