শাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই: হেফাজত

শাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই: হেফাজত

হেফাজত নেতারা বলেন, শাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই। শাহবাগে ইমরান এইচ সরকারসহ যারা এই গণহত্যায় সমর্থন যুগিয়েছিল এবং আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের বৈধতা তৈরি করেছিল, তাদেরও বিচার করতে হবে।

বুধবার আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম।

বিজ্ঞাপন

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হুসাইন, হেফাজতের নায়েবে আমির মাওলানা আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি কাজী ইব্রাহীম, ড. মাওলানা ঈসা শাহেদী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নূর হুসাইন নূরানী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা ফজলে বারি মাসুদ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জাবের কাসেমী, গাজী ইয়াকুব উসমানী, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের ৬ এপ্রিল আমরা হেফাজতে ইসলাম রাসূল (সা.) এর কটূক্তিকারী ব্লগারদের বিচার দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ লং মার্চের আয়োজন করেছিলাম। আমরা প্রমাণ করেছিলাম যে আমরা শান্তিপূর্ণ। কিন্তু হেফাজতের ৫ মের কর্মসূচিতে তৎকালীন দিল্লির তাঁবেদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার পুলিশ ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করে। নির্বিচারে গুলি ছুড়ে নিরীহ শিক্ষার্থীদের প্রাণহানি ঘটায়। শাপলা চত্বরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে যৌথবাহিনী হেফাজতের লাখো জমায়েতের ওপর নির্মম ক্র্যাকডাউন চালায়৷ খুনি হাসিনা নিজেই এই গণহত্যার নির্দেশদাতা। হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। এরই মধ্যে শেখ হাসিনা ও ইমরান এইচ সরকারসহ প্রাথমিকভাবে নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

ইফতারের আগে স্বাগত বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা লক্ষ্য করছি, শাহবাগী নাস্তিক-মুরতাদরা আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তারা গণঅভ্যুত্থানের এই সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে নতুন অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পুলিশের ওপর হামলে পড়েছে। ইন্ডিয়াপন্থী শাহবাগী হায়েনাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে সরকারকে আহ্বান জানাচ্ছি।২০১৩ সালের মতো এবারও তারা এ দেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করতে নেমেছে।

মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, আমরা নাস্তিক-মুরতাদদের সতর্ক করে বলতে চাই, আল্লাহ ও রাসূল (সা.) কে গালি দিয়ে বাংলার মাটিতে থাকা যাবে না। তৌহিদি জনতা জেগে উঠলে তারা পালানোর জায়গা পাবে না। এদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন