উপযুক্ত সময় যখন হবে তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সবগুলো মামলা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে কবে দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে চাইলে বিএনপি মহাসচিব এ জবাব দেন।
তিনি বলেন, উনার ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি। আমাদের যখন মনে হবে যে, উপযুক্ত সময় সেই সময়ে তিনি (তারেক রহমান) আসবেন।
সর্বশেষ ঢাকার বিশেষ জজ আদালত-৩ ২০ মার্চ বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান আনভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় তারেক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দেন। এই মামলার মধ্য দিয়ে সবগুলো মামলায় নিষ্পত্তি হওয়ায় তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবী জানায়।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, এক-এগারো সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় তারেকের বিরুদ্ধে প্রায় ৮৪-৮৫টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা এবং ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা। এক-এগারোর সরকারের সময়ে গ্রেফতারের পর তারেক রহমানের ওপর পুলিশ রিমান্ড ও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিষ্ঠুর নির্যাতনের চালানো হয়। একটানা ৫৫৪ দিন বা ১৮ মাস কারাবাস করতে হয় তাকে।
এরপর ১২টি মামলায় জামিন পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান এবং পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

