জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘আপনার অনুদান, আগামীর বাংলাদেশ’ স্লোগানে গণচাঁদা সংগ্রহ (ক্রাউড ফান্ডিং) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজধানীর বাংলামোটরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'আর্থিক সত্যতা রাজনৈতিক দলগুলো প্রকাশ করে না। বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো তথ্য উঠে আসে না। এ জন্য নির্বাচন কমিশনকে কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে।'
নিজেদের আর্থিক অবস্থা নির্বাচন কমিশনকে জানাবেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'এ মাসে নির্বাচন কমিশনে আমরা নিবন্ধনের জন্য যাবো। তখন আমরা দলের সব হিসেব জমা দেবো। কারণ আমাদের মূল উদ্দেশ্য জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া।'
এনসিপির নাম নিয়ে চাঁদাবাজির চেষ্টা হলে প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় টাকা চাওয়া হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে কোনো এনসিপির নেতাকর্মী বা কাউকে টাকা দেবেন না। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দিবেন না।'
দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, 'জুলাই বিপ্লবের পর থেকে দেশের আপামর জনতা এনসিপিকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতেই অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন, তাদের আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। এর মধ্য দিয়ে সংগঠনের আয়, ব্যয়, বরাদ্দ, আয়ের উৎস, ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে।'
গত ৮ মার্চ দলের এক সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের ব্যাখ্যা দিতে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, 'আমরা অনলাইন ও অফলাইনে একটা ক্রাউড ফান্ডিংয়ের (গণচাঁদা সংগ্রহ) দিকে যাচ্ছি, যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপনসহ নির্বাচনী তহবিল সংগ্রহ করব।' অনুষ্ঠানে সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'এনসিপি ক্রাউড ফান্ডিং মডেল গ্রহণ করেছে। donate.ncpbd.org এই ওয়েবসাইটটির মধ্যে দিয়ে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নাগরিক পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন বলেও জানান তিনি।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

