বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫–২০২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নয়টি প্রস্তাব গৃহীত হয়। শনিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
প্রস্তাবসমূহ
প্রস্তাব নং-০১
সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন
বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে পবিত্র কুরআন ও সুন্নাহবিরোধী সকল আইন, বিধি ও নীতিমালাকে অকার্যকর ঘোষণা করার সাংবিধানিক বিধান সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
প্রস্তাব নং-০২
আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন
আল্লাহ তাআলা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের বিরুদ্ধে কটূক্তি ও অবমাননাকর কর্মকাণ্ড ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এসব অপরাধ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান সংবলিত কঠোর আইন প্রণয়ন ও তা দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো যাচ্ছে।
প্রস্তাব নং-০৩
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন
শূরা অধিবেশন জুলাই সনদকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচনা করে। গণভোটে জনগণের প্রদত্ত রায়কে সর্বোচ্চ গণরায় হিসেবে যথাযথ মর্যাদা দিয়ে দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
প্রস্তাব নং-০৪
ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ
শূরা অধিবেশন গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা এবং ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি পুনর্ব্যক্ত করা হচ্ছে।
প্রস্তাব নং-০৫
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা
কাদিয়ানী সম্প্রদায় ইসলামের আকীদা-বিশ্বাসের মৌলিক ভিত্তির পরিপন্থী মতবাদ অনুসরণ করে। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের অনুসরণে বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
প্রস্তাব নং-০৬
সীমান্তে পুশ-ইন বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদার
গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের অবৈধ পুশ-ইন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় মর্যাদা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কার্যকর কূটনৈতিক তৎপরতা জোরদার এবং প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
প্রস্তাব নং-০৭
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
শূরা অধিবেশন তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ দমনের মাধ্যমে দেশে শান্তি, জননিরাপত্তা ও কার্যকর আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আজকের অধিবেশন থেকে আহ্বান জানানো হচ্ছে।
প্রস্তাব নং-০৮
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
শূরা অধিবেশন ঘোষণা করছে যে, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসলামী খেলাফত ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ ও কার্যকর আদর্শ। এ লক্ষ্যে বিশ্ব মুসলিম উম্মাহকে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য মুসলিম উম্মাহর প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
প্রস্তাব নং-০৯
বিরোধী দলের কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি
হবিগঞ্জে বিরোধী দল এমসিপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে সরকার-সমর্থিত সন্ত্রাসী হামলার ঘটনায় আজকের অধিবেশন গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অধিবেশন অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


