সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গু সহজেই মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব। যুবদল বিএনপির একটি অঙ্গ সংগঠন। আমাদের দায়িত্বের জায়গা থেকেই আজকের এই কর্মসূচি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর মালিবাগ মোড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের আগে তিনি এসব কথা বলেন। পরে যুবদলের নেতাকর্মীরা মালিবাগ মোড় থেকে শান্তিনগর এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর থেকেই’ স্লোগান সংবলিত প্রচারপত্র বিতরণ করেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ডেঙ্গু নির্মূলে মানুষকে সচেতন করার কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব। যুবদল বিএনপির একটি অঙ্গ সংগঠন। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই যুবদল আজকের এই কর্মসূচি পালন করছে।

তিনি বলেন, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গু সহজে মোকাবিলা করা সম্ভব। এজন্য জনগণের মধ্যে তাদের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। বাড়ির টব, টায়ারসহ বিভিন্ন জায়গায় পানি জমে থাকলে তা পরিষ্কার রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।

যুবদল সভাপতি বলেন, বিশেষ করে টায়ার ও ফুলের টবের মধ্যে পানি জমে থাকে। সেই পানি দীর্ঘদিন, এমনকি এক মাস জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে এসব জায়গা পরিষ্কার করার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

যুবদলের বিতরণ করা প্রচারপত্রে বলা হয়, সামান্যতম পানিতেও মশা জন্মাতে পারে। তাই কোনো খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ঘরে ও আশপাশের যেকোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি সপ্তাহে অন্তত একবার ফেলে দিয়ে এডিস মশার লার্ভামুক্ত রাখতে হবে। দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। হাত-পা ঢেকে রাখা পোশাক পরতে হবে। জ্বর, মাথাব্যথা, বমি, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচারপত্রের শেষাংশে বলা হয়—‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।’

প্রচারপত্র বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন