নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে মিরপুরে কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতারা যোগ দেন।
মতবিনিময়ের অংশ হিসেবে তিনি প্রথমে ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গেও বিরোধীদলীয় নেতা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসব মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, সেক্রেটারি আবু নাহিদ, উত্তর থানা আমির রেজাউল করিম, সেক্রেটারি আশিকুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলীসহ স্থানীয় নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


