তিন দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ

২৮ জুন ঢাকায় গণজোয়ার তৈরি হবে: চরমোনাই পীর

২৮ জুন ঢাকায় গণজোয়ার তৈরি হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার, পতিত ফ্যাসিবাদে জড়িতদের বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজন- গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। সেই দাবি আদায়ে ২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের জরুরি সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিকে সামনে রেখে ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত পোষণকারী সব রাজনৈতিক দল একসঙ্গে একমঞ্চে যৌথ ঘোষণায় জাতিকে আশ্বস্ত করবে ইনশাআল্লাহ; ইসলামী আন্দোলন সেই লক্ষে কাজ করে যাচ্ছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বাংলাদেশকে ভারতের কব্জা থেকে বের করতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থী সব দল-মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে। তারই একটি প্রতিফলন হবে ২৮ জুন।

তিনি দেশের সব ধারার সবাইকে দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়ে বলেন, ২৮ জুন সবাই ঢাকায় আসুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে আরেকটি গণজোয়ার তৈরি করি।

সভায় আরও- উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন