প্রশাসনের রদবদলে নির্বাচনকে স্বৈরাচারী কায়দায় প্রশ্নবিদ্ধ করতে চাইলে সেটা এদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
বুধবার দুপুরে রাজধানীর আদাবরের শেখেরটেক পিসিকালচার হাউজিংয়ে থানা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আবার নতুনভাবে আমরা যে রদবদল দেখতে পাচ্ছি। সেই রদবদলের উদ্দেশ্য যদি এদেশের জনগণের কল্যাণে হয়, তাহলে কোন সমস্যা নেই। যদি সেই রদবদল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়,তাহলে বাংলাদেশের জনগণ কখনই তা মেনে নেবে না।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। বাংলাদেশের মানুষের অধিকারের প্রতিফলন ঘটবে। বাংলাদেশের মানুষের দাবিগুলোর প্রতিফলন ঘটবে। কারণ বাংলাদেশের মানুষ ভবিষ্যৎতে আর কোন স্বৈরাচারের জন্ম হউক তা দেখতে চায় না।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত ১৭ বছরে সবলদের পাশে ছিল। স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেখেছি যারা সবল অর্থাৎ যারা ধনী ছিল তাদেরকে আরও ধনী বানিয়েছিল,কিন্তু বিএনপি সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কথা বলেছে। ন্যায়ের পক্ষে কথা বলেছে ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে।
তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষ ও অসহায় মানুষের অধিকার ও দাবিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ভাবে ও উজ্জীবিত হয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়।
আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার এদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। জোর করে ক্ষমতায় টিকে থাকতে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙ্গে দিয়েছিল তারা।
তিনি আরও বলেন,স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার বার্তা আমাদেরকে সারা বাংলাদেশের তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

