ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করতে রাষ্ট্র বাধ্য। বর্তমান সরকারও কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে বারবার অঙ্গীকার করেছে। কিন্তু সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকার শরীয়াহবিরোধী আইন পাস করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।
মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বাংলাদেশে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যুগসেরা উলামায়ে কেরাম রয়েছে। এই আইনের বিষয়ে উলামায়ে কেরাম আগেই ভিন্নমত পোষণ করেছেন। সেখানে শরীয়াহ-সংক্রান্ত একটি বিষয়ে খ্রিষ্টান পণ্ডিতদের রেফারেন্স ব্যবহার করে শরীয়াহবিরুদ্ধ আইন প্রণয়ন করা দেশের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানীয় সম্পদের প্রতি স্পষ্ট উপেক্ষা। সরকারের কাছে এটা আশা করিনি।
গাজী আতাউর রহমান কর্মসূচি ঘোষণা করে জানান, আগামী শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে শরীয়াহ ও দলের অবস্থান জানাতে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


