আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের শোক, বিভিন্ন দলের নিন্দা

খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় ইসলামি দলগুলোর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় ইসলামি দলগুলোর বিক্ষোভ

ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় ঢাকায় ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে।

গতকাল রোববার আলাদা বিক্ষোভ করে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। খামেনির মৃত্যুতে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিবাদ-বিবৃতিতে খামেনি হত্যার নিন্দা এবং মুসলিম বিশ্বে হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। এসব হামলার বিরুদ্ধে জাতিসংঘ ও ওআইসির যথাযথ ভূমিকা পালন এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। একই সঙ্গে আসন্ন সংসদ অধিবেশনে ইরানে হামলা ও খামেনির মৃত্যুর ঘটনায় নিন্দা ও শোক প্রস্তাব আনার দাবি জানানো হয়।

জামায়াতের বিক্ষোভ মিছিল

ইরানে ন্যক্কারজনক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ইরানের অগ্রযাত্রাকে সহ্য করতে না পেরে দীর্ঘদিনের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ন্যক্কারজনক হামলা করা হয়েছে। এ হামলা শুধু ইরান বা মুসলমানদের বিরুদ্ধে নয়; সার্বভৌম দেশ, গণতান্ত্রিক সরকার ও মানবতার বিরুদ্ধে হামলা। তবে অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ বিভিন্ন ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি। এবারও তাদের অগ্রযাত্রা থামানো যাবে না।

এ হামলার বিরুদ্ধে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এটিএম আজহার আরো বলেন, ওআইসি ও জাতিসংঘ তাদের যথাযথ ভূমিকা পালন করছে না। অবিলম্বে তারা তাদের যথার্থ ভূমিকা পালন না করলে বিশ্বের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি ইরানসহ মুসলিম বিশ্বে ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে ইসরাইলি পণ্য বর্জনসহ দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, ইরানে হামলার পেছনে কেবল ইসরাইল নয়, আরো শক্তিধর রাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে বিশ্ববাসীর ধারণা। এ ধরনের ঘটনা বিশ্বব্যাপী অস্থিরতা বাড়াতে পারে। তিনি ছোট-বড় সব রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সমানভাবে প্রযোজ্য করার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑকেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

জামায়াত আমিরের শোক

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি যদি আরো সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়; পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরো বিপন্ন করবে।

তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সবপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

খেলাফত মজলিসের বিক্ষোভ

ইরানে আমেরিকা-ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ শেষে মিছিল বের করে খেলাফত মজলিস ঢাকা মহানগরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে আমেরিকা ও ইসরাইল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে, তা শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেনÑসিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল।

বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গতকাল যৌথ বিবৃতিতে বলেছেন, ইরান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ। সে দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হলো, এটা ‘প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা’। এ ধরনের সহিংসতা কোনোভাবেই বৈধতা পেতে পারে না।

অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সে দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্বরোচিত এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি শোকাহত ইরানি জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে, ইরানে হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন।

জমিয়তে উলামায়ে ইসলামের বিবৃতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিবৃতিতে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী অস্থিরতা বৃদ্ধি করবে এবং নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে।

বাংলাদেশ লেবার পার্টির প্রতিবাদ

আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সব নীতিমালা পদদলিত করে ইরানে আমেরিকা ও ইসরাইল ব্যাপক সামরিক আগ্রাসন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। গতকাল গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এ প্রতিবাদ জানান।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা যৌথ বিবৃতিতে বলেছেন, খামেনিকে শহীদ করার মাধ্যমে জায়নবাদীরা ভেবেছে মুসলিম উম্মাহর প্রতিরোধ ভেঙে দেওয়া যাবে। কিন্তু এ রক্ত থেকে লাখ লাখ নতুন প্রতিবাদী কণ্ঠস্বর জন্ম নেবে। এ দানবীয় শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

যুদ্ধ বন্ধের দাবি নেজামে ইসলাম পার্টির

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার যৌথ বিবৃতিতে বলেন, ইরানের সার্বভৌমত্বের ওপর এ আগ্রাসন আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্মানের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়; বরং সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা।

খেলাফত আন্দোলনের বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা এবং আমেরিকা ও ইসরাইলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল বাদ আসর কামরাঙ্গীরচর এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑনায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ। সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন খেলাফত আন্দোলনের (আরেকাংশ) আমির আল্লামা আবু জাফর কাসেমী এবং মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

খতমে নবুওয়াতের বিবৃতি

বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি হিংস্র থাবার যে তাণ্ডব চলছে, তা কেবল একটি ভৌগোলিক যুদ্ধ নয়; বরং এটি ইসলামি সভ্যতা ও মুসলিম উম্মাহর সার্বভৌমত্বের ওপর সুগভীর আঘাত। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী গতকাল বিবৃতিতে এ মন্তব্য করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন