যেহেতু অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছে, সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছে। তাই দু’ছাত্র উপদেষ্টাসহ সরকারের সকল দপ্তর থেকে ‘ছাত্র উপদেষ্টাদের’ পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকার সবার সাথে ইনসাফ না করে বরং গণঅভ্যুত্থানের একটি গোষ্ঠী বা পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।
সংবাদ সম্মেলনে তিনজন ছাত্র উপদেষ্টার একই নেক্সাস উল্লেখ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে অবশিষ্ট দু’জন ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়া ছাত্ররা যেহেতু দল গঠন করেছে। এক্ষেত্রে বৈষম্যবিরোধী বা সমন্বয়কের কোনো অস্তিত্ব বিদ্যমান নেই বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য উল্লেখ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সকল সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসায় নিয়োগের তদন্তসহ সরকারের সকল দপ্তরে নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়।
বর্তমান উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে বলেও মন্তব্য করে গণঅধিকার পরিষদ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

