ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম প্রধান উপদেষ্টাকে বলেছেন, আপনি আমাদের মাঝপথে ছেড়ে চলে যাবেন এটা কোনভাবেই হতে পারে না। এটা আপনি মাথায় আনবেন না।
রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, 'আমরা দেশ ও জনগণের প্রয়োজনে আপনাকে নিয়ে এসেছিলাম একটা সুন্দর দেশ গড়ার জন্য। আপনার উপর যে বিভিন্ন রকমের মানসিক নির্যাতন চলছে তা আমরা অনুভব করছি। আপনাকে যে সহজভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাও বুঝতে পারছি।'
তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি যদি পরাজিত হন তাহলে আমরাও পরাজিত হব। তবে মাঝপথে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা কোনভাবেই হতে পারে না, এটা আপনি মাথায় আনবেন না।
তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, যদি প্রয়োজনীয় সংস্কার না হয় তাহলে সামনে যে জাতীয় নির্বাচন হবে সেখানে কালো টাকাসহ পেশি শক্তির কারণে নির্বাচন প্রভাবিত হবে। ফলে আগের যে কলঙ্কিত নির্বাচনের ইতিহাস সেটা ফিরে আসবে। এটা পুনরায় হোক তা আমরা চাই না। যে কারণে আমরা বলছি সংস্কার হোক।
এর আগে, গত শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও তরুণদের রাজনৈতিক দল এনসিপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

