বাংলাদেশের সীমান্ত, স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে কোনো আধিপত্যবাদী শক্তি আঙুল বা চোখ তুলে তাকালে তা ভেঙে ফেলা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ভারতের মন্ত্রীদের মুখে লাগাম টানতে হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার জবাব দেশের মানুষই দেবে।
শুক্রবার গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পাঁচজন বিধায়ক ও মন্ত্রী বাংলাদেশে তাদের আধিপত্য ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের মন্ত্রীদের মুখে লাগাম দিয়ে রাখুন। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা শুরু করার চেষ্টা করলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে আগুন জ্বলবে, সেই আগুন বাংলাদেশের মানুষই জ্বালিয়ে দেবে। শুধু ভারত নয়, পৃথিবীর যেকোনো আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আর থাকবে না।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গাজীপুরের সাহসী যোদ্ধারাই খুনি হাসিনা ও জাহাঙ্গীরের চোখে চোখ রেখে বিদায়ের বার্তা দিয়েছিল। গাজীপুরের রাজপথ এখন এনসিপির দখলে, এখানে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কোনো ঠাঁই নেই।
সমাবেশে গাজীপুরের শ্রমজীবী মানুষের অধিকার নিয়েও কথা বলেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, গাজীপুরের শ্রমিক ভাইয়েরা অনেক কষ্টে জীবনযাপন করছেন। শুধু বেতন বাড়ালেই চলবে না, সব কারখানায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং স্বল্প খরচে ভালো আবাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




