ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে: আমিনুল হক

ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে: আমিনুল হক

কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষযক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশ ও দেশের মানুষের কোন ক্ষতি করতে পারবে না।

সোমবার দুপুরে রাজধানীর গুলশান-২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর গুলশান থানা বিএনপির কর্মীসভায় তিনি এ বক্তব্য করেন। এর আগে সকালে পল্লবীতে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ও তরুণ প্রজন্ম তারা ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি এই অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে। তারা জাতীয় নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে।বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, জনগণের ভাষা বুঝে দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন দিন। যে নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পরিপূর্ণভাবে মেরামত করতে পারবে।

সুশীল সমাজের বুদ্ধিজীবীরা গত ১৭ বছর কোথায় ছিল উল্লেখ করে তিনি বলেন,সুশীল সমাজের লোকেরা গত ৫ আগস্টের পরে তাদের চেহারা পাল্টে ফেলেছে। এরা হচ্ছে পতিত আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি। এই সুশীলরাই এখন বিএনপির লোক দাবি করে। তারা বিএনপি সাজার চেষ্টা করছে। গত ১৭ বছর তারা স্বৈরাচারের দোসর হিসেবে কথা বলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন