জামায়াত আমিরের নামে কাতার সফরের মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ

জামায়াত আমিরের নামে কাতার সফরের মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। তার কাতার সফরের তথ্য মিথ্যা বলেও জানানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। আমাদের বক্তব্য হলো- জামায়াত আমির ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। দেশবাসীর জ্ঞাতার্থে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত তার প্রোগ্রাম সিডিউলও দেয়া হয় বিবৃতিতে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, জামায়াত আমির ২৮ মে ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। ২৯ মে নিজ বাসা এবং দলীয় কার্যালয়ে অবস্থান করেন। ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে দুটি অনুষ্ঠানে যোগ দেন। ২৯ ও ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ অফিসে সংরক্ষিত রয়েছে; যে কেউ চাইলে তা যাচাই করে দেখতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ৩০ ও ৩১ মে তিনি জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের দলীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন; যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোম মাধ্যমে এবং প্রদত্ত বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে। ৩১ মে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ৭টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন।

এটিএম মা‘ছুম বলেন, ছড়ানো মিথ্যা তথ্যানুযায়ী জামায়াত আমির যদি দেশের বাইরে গিয়ে থাকেন, তবে তার সকল তথ্য বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে থাকার কথা। কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন।

তিনি আরও বলেন, আমরা মনে করি, জামায়াত আমিরকে জনগণের নিকট হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার জন্য জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন