নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে: নজরুল

স্টাফ রিপোর্টার

নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে: নজরুল

মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন প্রেসিডেন্টের সাথে সম্পর্ক অবনতি নয়, বরং তা আরও বৃদ্ধি পাবে ।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল বলেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেয়া উচিত।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের মতের মিল আছে তারা জোট করে একত্রে রাজনীতি করতেই পারেন। জোট করা রাজনৈতিক অধিকার; এটা নিয়ে বিএনপি চিন্তিত নয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে তবে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার কাজ বাকি আছে। এবার গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে।

এক ঘণ্টার অধিক সময়ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত আজাদ, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর আহমদ আলী কাসেমী,খেলাফত মজলিসের নেতা আমিনুল ইসলাম ফিরোজ বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন