জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন।

বিজ্ঞাপন

পুষ্পমাল্য অর্পণের পর মরহুম নেতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদনের সময়ে আরো ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, মীর আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু, এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগরের আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ আরো কয়েকজন।

এর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতা-কর্মীদের আসতে দেখা গেছে। এ সময় তাদের পোশাকে দেখা গেছে কালো ব্যাজ। মিছিলে নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলব না, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’সহ ইত্যাদি স্লোগানও ধরেন।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মাজারে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউর টি এন্ড টি কলেজ, হাইকোর্ট মাজার, গুলশান ২ নং ঢাকা সিটি করপোরেশনের মার্কেট, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন